
জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা, চুরি ও বিক্রির অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মোট ৬২ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট থানায় সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের কর্মকর্তা মোবারক হোসেন ২০ জনের নাম উল্লেখ করে প্রথম মামলাটি (মামলা নং-৩৪) দায়ের করেন। গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে ২০২৫ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মে পর্যন্ত সময়ে গাছ চুরির এই ঘটনা উদঘাটন করা হয়।
এ মামলায় প্রধান আসামি করা হয়েছে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়াকে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বিএনপি নেতা শফিকুল ইসলাম আবুল, চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহলদার, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক করিম সরকার এবং মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ। সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন ও থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশেই এই মামলা করা হয়েছে। এছাড়া একই দিনে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য থেকে গাছ কাটার অভিযোগে বন কর্মকর্তা এইচ এম এরশাদ বাদী হয়ে আরও ৪২ জনের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করেন। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম জানান, গাছ চুরির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
বাংলার খবর ডেস্ক : 

























