
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ষাটোর্ধ্ব এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চা-বাগানের শ্রমিকরা কাজ করার সময় ওই এলাকায় এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানানো হলে তিনি চুনারুঘাট থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশকে প্রায় দুই কিলোমিটার পাহাড়ি পথ ও ছড়া পেরিয়ে ঘটনাস্থলে যেতে হয়। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
তিনি আরও জানান, বৃদ্ধের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলার খবর ডেস্ক : 

























