
জালাল উদ্দিন লস্কর
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের থাকার জন্য নির্ধারিত ভবনের কক্ষগুলোতে তিন মাসেও ফ্যানের ব্যবস্থা করা হয়নি। এর মধ্যে ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে কক্ষের ভেতর পানি পড়ারও অভিযোগ করেছেন আনসার সদস্যরা।
এ অবস্থায় অনেকটা কায়ক্লেশে দিন কাটাচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত ১০ জন আনসার সদস্য। গত ১ জুলাই থেকে তারা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারের একটি ভবনের চারটি কক্ষে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, আনসার সদস্যদের থাকার জন্য নির্ধারিত ভবনের কক্ষগুলোর অবস্থা নাজুক। কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, আবার কোথাও ছাদ ও দেয়ালে স্যাঁতসেঁতে ভাব রয়েছে। গরমের মধ্যেও কক্ষগুলোতে ফ্যানের ব্যবস্থা না থাকায় ভোগান্তি আরও বেড়েছে।
এ বিষয়ে আনসার সদস্যরা হতাশা প্রকাশ করলেও প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক আনসার সদস্য জানান, দীর্ঘদিন ধরে কষ্ট করে থাকতে হচ্ছে। দায়িত্ব পালনের পাশাপাশি থাকার জায়গাটুকু আরামদায়ক না হওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন, ‘বিগত ১৫ দিনে তো বৃষ্টি হয়নি। ছাদ চুঁইয়ে পানি পড়ল কীভাবে?’
তিনি বলেন, ‘এসব বিষয় স্বাস্থ্য প্রকৌশল বিভাগ দেখাশোনা করে। আনসারদের আবাসিক শেড মেরামতের জন্য তাদের কাছে চাহিদা দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, বাজেট বরাদ্দ পাওয়ার পর কাজ করতে পারবে।
বাংলার খবর ডেস্ক : 









