
আব্দুর রাজ্জাক রাজু;
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও কাজের মান পরিদর্শন করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার (২০ জুলাই) দুপুরে এডিবি ও এএফডির প্রতিনিধি সিনথিয়া মিলার নেতৃত্বে প্রতিনিধি দলটি চুনারুঘাট পৌরসভা কার্যালয়ে পৌঁছালে পৌর প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
পরিদর্শনের শুরুতে পৌরসভা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর হিসাবরক্ষক লিয়াকত হোসেন এডিবি ও এএফডির অর্থায়নে এবং এলজিইডির কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, রাস্তা, ড্রেনেজ, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনায় চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পৌরবাসী উল্লেখযোগ্য সুবিধা পাবেন।
প্রজেক্টরের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। এ সময় এলজিইডির কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, গুণগত মান এবং নির্ধারিত সময়সীমা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে প্রতিনিধি দলটি বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। তারা নির্মাণকাজের মান, ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত দিক এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের মতামতও গ্রহণ করেন।
এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মিলা বলেন, চুনারুঘাট পৌরসভার উন্নয়ন প্রকল্পগুলো পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হলে এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। তবে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এডিবির সিনিয়র প্রজেক্ট ডিরেক্টর অমিত রায় বলেন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা এবং নারীদের অগ্রাধিকার দিয়ে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলো বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
এলজিইডির প্রজেক্ট ডিরেক্টর তোফায়েল আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।
অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ পৌর এলাকার বাজার, স্থায়ী অবকাঠামো উন্নয়ন এবং যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় চুনারুঘাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক মেয়র নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক চৌধুরী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 

























