
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
রোববার (৩০ আগস্ট) হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি-ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নদীপথের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সভায় উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, হাইমচরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই সবার প্রধান দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধিসহ জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় হাইমচরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
বাংলার খবর ডেস্ক : 

























