
আফতাবুল ইসলাম মেহেরাব হাইমচর প্রতিনিধি। চাঁদপুরের হাইমচর উপজেলা সদরের সরকারি কলেজের সামনে গুরুত্বপূর্ণ সড়কে কালভার্টের একটি অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ব্যস্ততম সড়কটি পথচারী ও যানবাহনের চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।
হাইমচরের একমাত্র সরকারি কলেজের সামনের এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী চলাচল করে। একই সড়ক দিয়ে উপজেলা পরিষদ, হাইমচর থানা, প্রাণিসম্পদ কার্যালয়, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করা হয়।
এ ছাড়া হাইমচর উপজেলা সদর ও আলগী বাজারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সড়কটি গুরুত্বপূর্ণ। সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, রোগী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের ব্যাপক চলাচল রয়েছে এ পথে।
স্থানীয়দের অভিযোগ, কালভার্টের অংশ ভেঙে গর্ত তৈরি হলেও এখনো স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে গর্তটি পার হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকেরা। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
একাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা বলেন, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সড়কটি সংস্কার করা প্রয়োজন। শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
স্থানীয়দের প্রশ্ন, দুর্ঘটনার আগে সংস্কার হবে, নাকি দুর্ঘটনার পর? এতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সংযোগ সড়কে এমন ঝুঁকিপূর্ণ গর্ত থাকার পরও কেন দ্রুত সংস্কার করা হচ্ছে না—এ প্রশ্নও তুলেছেন তারা।
দুর্ঘটনা ঘটার অপেক্ষা না করে জরুরি ভিত্তিতে কালভার্ট ও সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবি জানিয়েছেন হাইমচরবাসী।
বাংলার খবর ডেস্ক : 



















