
আফতাবুল ইসলাম মেহরাব, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে মো. ইউসুফ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে উপজেলার রাঢ়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ইউসুফ উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা। তার সঙ্গে থাকা মো. শামীম ও মো. আফজাল নামে দুই ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানা গেছে।
পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ইউসুফ ও তার দুই সহযোগী রাঢ়িকান্দি এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে ওঠেন। অভিযোগ রয়েছে, তারা খুঁটিতে স্থাপিত পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা ঘটনাস্থলে জড়ো হন।
একপর্যায়ে তিনজনই খুঁটি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা ধাওয়া করে ইউসুফকে আটক করতে সক্ষম হলেও তার দুই সহযোগী পালিয়ে যান। আটকের পর স্থানীয় কয়েকজন তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
পরে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউসুফকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মতলব উত্তর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী রাকিব হোসেন জানান, সম্প্রতি উপজেলায় ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমারের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রতিটি ঘটনায় থানায় পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় শুক্রবার আটক ইউসুফকে আসামি করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, আটক ইউসুফকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে একদিকে পল্লী বিদ্যুৎ সমিতির আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা।
এলাকাবাসী ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বাংলার খবর ডেস্ক : 






















