
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে আগামী ৩১ অক্টোবর (শনিবার) ঐতিহ্যবাহী গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফে পবিত্র ৭৫তম ওরশ মোবারক, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা সাহেববাড়ি এলাকায় অবস্থিত এ দরবার শরীফে প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মুসল্লি, আশেকান, ভক্ত ও মুরিদানদের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।
শনিবার রাত ১২টা ১ মিনিটে দরবার শরীফে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর ফাতেহা পাঠ, খতমে কোরআন, খতমে দরুদ, খতমে গাউছিয়া ও খতমে খাজেগান অনুষ্ঠিত হবে। বাদ আসর মাজার শরীফে মিলাদ, জিয়ারত, ওয়াজ মাহফিল ও জিকির-আজকারের পর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।
দরবার শরীফের সঙ্গে সংশ্লিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত সৈয়দ শাহ গিয়াছ (রহ.), কুতুবে বাঙ্গাল আলহাজ্ব খাজা সৈয়দ আবুল খায়ের (রহ.), হযরত মাওলানা সুফি খাজা সৈয়দ জুবায়েরুল হুছাইন (রহ.) এবং আলহাজ্ব পীরে কামেল শাহ সুফি খাজা হযরত সৈয়দ গিয়াছুল হোসাইন ফারুক (রহ.)-এর স্মরণে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে আশেকান, ভক্ত ও মুরিদানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
দরবার শরীফের আশেকান, ভক্ত ও মুরিদানরা পবিত্র ওরশ মোবারক, ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে মহান আল্লাহর রহমত, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা এবং আউলিয়া-কেরামদের রূহানি ফয়েজ লাভের আশায় সবাইকে মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
বাংলার খবর ডেস্ক : 



















