
বিশেষ প্রতিনিধি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে অলিপুরের উদ্দেশে রওনা হন আব্দুল খালেক। পথে তাফরিদ কটন মিলের সামনে পৌঁছালে ঢাকা মেট্রো-ট-১৩-৯৬১২ নম্বরের একটি মালবাহী খোলা ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সড়কের বাইরে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ এসআই সৈয়দ ইমরুল সাহেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ আল হেলাল (৫২) বাদী হয়ে থানায় লিখিত এজাহার দিয়েছেন। এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলার খবর ডেস্ক : 



















