
ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হকারদের ভাষ্য, সকালে সিটি করপোরেশনের লোকজন হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে যান। এ সময় ফুটপাতে থাকা বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয় বলে তারা দাবি করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে হকারদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে একটি স্থানে আগুন জ্বলছে। এর কিছুক্ষণ পর মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে সেটি লক্ষ্য করে হকাররা ইটপাটকেল নিক্ষেপ করেন।
পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এদিকে, এ সময় কয়েকশ হকার সেখানে হামলা ও ভাঙচুর চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।
বাংলার খবর ডেস্ক : 



















