
কুষ্টিয়া শহরের ছয়রাস্তা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে এমপি মুফতি আমির হামজার কটূক্তির প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদ একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষ করে গাড়িযোগে বাড়ি ফেরার পথে এমপি আমির হামজার গাড়িবহর ওই মিছিলের মুখোমুখি হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এমপি আমির হামজা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে তার গাড়িতে হামলার অভিযোগ তুললেও, গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ দাবি করেন যে জামায়াত কর্মীরা তাদের শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 

























