
স্টাফ রিপোর্টার, বাংলার খবর
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো দলের মহাসচিব কিংবা স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেননি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার পর সাংবিধানিক নিয়মে শপথ নেওয়ার আগ পর্যন্ত পদত্যাগ করার কোনো বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, “আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো মহাসচিব আছেন। তিনি মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।” এ বিষয়ে অহেতুক গুঞ্জন না ছড়িয়ে আগামী ২০ আগস্ট নির্বাচন ও শপথের সময় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে মির্জা ফখরুল দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তবে একদিনের ব্যবধানে মন্ত্রীর এই বক্তব্যে বিষয়টি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া মন্ত্রিসভা বা দলের দায়িত্বে পরিবর্তনের বিষয়ে ডা. জাহিদ বলেন, এটি সংসদীয় গণতন্ত্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে যেকোনো সময় প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন।
বাংলার খবর ডেস্ক : 
























