
জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শেষে সিলেটে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) রাতে জৈন্তাপুর থেকে পদযাত্রা শেষে নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে সিলেটে ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। এ সময় একটি গাড়ির কাচ ভেঙে যায়।
ভাঙা কাচের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজনের হাতে জখম হয়। এতে দুজনের হাত থেকেই রক্তপাত হয় বলে জানা গেছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে হামলা ও আহত হওয়ার বিষয়টি জানান।
এর আগে ২৮ জুলাই হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ শেষে এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার জন্য এনসিপির পক্ষ থেকে বিএনপি ও ছাত্রদলকে দায়ী করা হয়। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সেদিন সন্ধ্যায় এনসিপি মিছিল বের করলে সেখানে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করেন।
এর পরদিন হবিগঞ্জ সদর মডেল থানায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে মোট ৫০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রুকন)। ওই মামলায় হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।
সিলেটে নতুন করে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
বাংলার খবর ডেস্ক : 












