
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের সীমান্তবর্তী তেলিয়াপাড়া ও সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩৩ কেজি ভারতীয় গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি-তেলিয়াপাড়া সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় বস্তার মধ্যে লুকিয়ে রাখা মালিকবিহীন অবস্থায় ১৩৩ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক ধারণা, চোরাকারবারিরা ভারত থেকে মাদক এনে সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে দুর্গম জঙ্গলের মধ্যে সেগুলো লুকিয়ে রেখেছিল।
অন্যদিকে, একই দিন বিকেল ৬টার দিকে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১৮৬ কেজি ভারতীয় গাঁজা, ১৯ বোতল ভারতীয় মদ, ৫০ বোতল ইস্কফ সিরাপ ও ২ হাজার ৫৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবি সবসময় দৃঢ় ও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়ালগ্রাস থেকে রক্ষা করতে নিয়মিত মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলার খবর ডেস্ক : 





















