
জালাল উদ্দিন লস্কর:
হবিগঞ্জের মাধবপুরে চারটি হিন্দু পরিবারের দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণের অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে লিখিত নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইউএনও স্বাক্ষরিত চিঠিতে মাধবপুর থানার ওসি সোহেল রানা ও জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খানকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ঘটনাটি উপজেলার জগদীশপুর বাজারের রায়পাড়া এলাকায়। ভুক্তভোগী মন্টু চন্দ্র রায় ও তার পরিবারের অভিযোগ, প্রায় ২৬ বছর ধরে ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে ঘরের প্রবেশমুখসহ বিভিন্ন পাশে বাউন্ডারি নির্মাণ করা হচ্ছে। এতে তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
এ ঘটনায় সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্টু চন্দ্র রায় মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ উভয় পক্ষকে বিষয়টি মীমাংসার জন্য বললেও বাউন্ডারি নির্মাণের কাজ অব্যাহত থাকার অভিযোগ করেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনিল রায়, সঞ্জিত রায়, সাগর রায় ও প্রবীর রায় ওই জায়গার মালিকানা দাবি করে বাউন্ডারি নির্মাণ করছেন। তাদের দাবি, তারা নিজেদের জমিতেই বাউন্ডারি নির্মাণ করছেন। এ কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান সমর্থন দিয়েছেন বলেও তারা দাবি করেন।
জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ শামীম বলেন, কারও চলাচলের পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ করা উচিত নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, “এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব।”
ইউএনও মো. মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে অবগত হয়ে তৎপর হয়েছি। আমরা ব্যবস্থা নিচ্ছি।”
বাংলার খবর ডেস্ক : 



















