
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় ব্যাটারিচালিত মিশুককে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি লোকাল মিনিবাস। এতে মিশুকটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কালিয়াদারা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই দিক থেকে আসা একটি লোকাল মিনিবাস (ঢাকা মেট্রো-১১১৭৩৩) ব্যাটারিচালিত মিশুকটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মিনিবাসটি পেছন থেকে সজোরে ধাক্কা দিলে মিশুকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে মিশুকচালকসহ দুইজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত লোকাল মিনিবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলার খবর ডেস্ক : 


















