
আবু জাহের, মালদ্বীপ প্রতিনিধি:
মালদ্বীপ সফররত ফেনী উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর হোসেন সেলিমকে সংবর্ধনা দিয়েছেন দেশটিতে বসবাসরত ফেনী জেলা বিএনপির প্রবাসী নেতাকর্মীরা।
রোববার (১ নভেম্বর) রাতে মালদ্বীপের রাজধানী মালের চিং-চং রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহসভাপতি শাহ আলম, মো. ফারুক, মুক্তার হোসেন ও রহিম মিয়া, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও মনির হোসেন, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক, সহপ্রচার সম্পাদক মো. পিয়াস, যুবনেতা আরিফুল ইসলাম, আবদুল মান্নান, সুমন মিয়াজি, মো. ইসরাফিল, আবু জাহের ও আবু আহমেদ সেলিমসহ মালদ্বীপ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ জোরদারের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পরে মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে সফররত দুই নেতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সভাপতি মো. খলিলুর রহমানসহ উপস্থিত নেতাকর্মীরা।
সম্মাননা গ্রহণের পর আমান উদ্দিন কায়সার সাব্বির প্রবাসী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসে থেকেও দেশের প্রতি তাঁদের ভালোবাসা ও আবেগ প্রশংসনীয়। এ সময় তিনি মালদ্বীপের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ ছাড়া দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রবাসী নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তাঁরা সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের সাফল্য কামনা করেন।
বাংলার খবর ডেস্ক : 

















