
আফতাবুল ইসলাম মেহরাব চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সিএনজিতে ফেলে যাওয়া নগদ ৬০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সিএনজি চালকের সততা এবং পুলিশের তৎপরতায় হারানো মালামাল ফিরে পেয়েছেন মো. ফরহাদ হোসেন কাজী (৪৭)।
তিনি মতলব পৌরসভার উদ্দমদী গ্রামের মৃত বিল্লাল হোসেন কাজীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট ফরহাদ হোসেন কাজীর স্ত্রী মতলব থেকে সিএনজিযোগে চাঁদপুর মাতৃছায়া হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। হাসপাতালে পৌঁছানোর পর অসাবধানতাবশত একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ ও একটি ভ্যানিটি ব্যাগ সিএনজির ভেতরে রেখেই তারা হাসপাতালের ভেতরে চলে যান। পরে ফিরে এসে সিএনজিটি না পেয়ে বিষয়টি স্বামী ফরহাদ হোসেন কাজীকে জানান।
এরপর ফরহাদ হোসেন কাজী সিএনজি ও চালকের পরিচয় নিশ্চিত করে একই দিন মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক সিএনজি চালক হাবিবের মোবাইল ফোনে যোগাযোগ করেন। এ সময় হাবিব তার সিএনজিতে পাওয়া মালামাল নিজের কাছে থাকার বিষয়টি স্বীকার করেন।
থানা সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিএনজি চালক হাবিব থানায় এসে তার সিএনজিতে পাওয়া কালো রঙের ট্রাভেল ব্যাগ, নগদ ৬০ হাজার টাকা, অফিসের প্রয়োজনীয় কাগজপত্র এবং বাদীর স্ত্রীর ভ্যানিটি ব্যাগসহ এতে থাকা নগদ টাকা, পাসবই, ছবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পুলিশের কাছে জমা দেন।
পরে সিএনজি চালক হাবিবের উপস্থিতিতে উদ্ধার করা মালামাল যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক ফরহাদ হোসেন কাজীর কাছে হস্তান্তর করা হয়।
ফরহাদ হোসেন কাজী বলেন, “ওসি সাহেবের তৎপরতা এবং সিএনজি চালকের সততা ও বিশ্বস্ততার কারণে আমরা হারিয়ে যাওয়া মালামাল ফিরে পেয়েছি।”
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, সিএনজি চালক হাবিবের কাছ থেকে উদ্ধার করা মালামাল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 





















