
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর আচরণ ও হট্টগোল করার অভিযোগে জমির উদ্দিন (২৬) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত ৮টার দিকে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় রঘুরামপুর গ্রামের আব্দুল গণির ছেলে জমির উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে অভিযুক্তের কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট ও একটি ভাঙা ইয়াবার অংশ উদ্ধার করা হয়। পরে উপস্থিত জনসাধারণের সামনে উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করা হয়।
অভিযানে বাহুবল মডেল থানার পুলিশের একটি দল অংশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় এবং অপরাধপ্রবণতা বাড়ছে। তাই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 
























