
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে চাঞ্চল্যকর জুনাইদ মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. ওবায়দুল মিয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আধুনিক প্রযুক্তি ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে ৪ জানুয়ারি ২০২৬ তারিখে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিঃ) মো. নুরুল ইসলাম মোল্লা। র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃত মো. ওবায়দুল মিয়া লাখাই থানার ৪ নম্বর বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামের বাসিন্দা। তিনি আবুল খায়ের ও কমলা খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুনাইদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ওসি মো. জাহিদুল হক বলেন, অপরাধ করে কেউই পার পাবে না। জুনাইদ হত্যার খবর পাওয়ার পর থেকেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘাতককে শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
দ্রুততম সময়ে প্রধান আসামি গ্রেফতার হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলার খবর ডেস্ক : 
























