
নাজমুল ইসলাম হৃদয়:
হবিগঞ্জের বাহুবল উপজেলার সাটিয়াজুরী বাজার এলাকায় মাদক বহন ও সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের মো. এনাম (৩২) এবং সাটিয়াজুরী গ্রামের এনামুল হক রবিন (২৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক বহন ও সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. এনামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া এনামুল হক রবিনকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযান চলাকালে জব্দ করা চারটি ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় বাহুবল মডেল থানার পুলিশ সদস্য, কামাইছড়া পুলিশ ক্যাম্পের সদস্য, আনসার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 
























