
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা প্রশাসনের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমানো, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা, চাঁদপুর জেলা প্রশাসকের চিঠি এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে হাজীগঞ্জ উপজেলার সব মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ নির্দেশনা কার্যকর করতে প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এ নির্দেশনার আলোকে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 























