
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি রুবেল চৌধুরীকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। টানা অভিযানের পর তাকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার সুবিদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের সময় সে পলাতক অবস্থায় ছিল।
এর আগে মুড়াকরি বাজারে নিজের কাপড়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দোকান বন্ধ করার অজুহাতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় সে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আসামি পালিয়ে যাওয়ার পর তাকে ধরতে জেলা পুলিশ, ডিবি (গোয়েন্দা শাখা) এবং সদর সার্কেলের একাধিক টিম মাঠে নামে। টানা অভিযানের পর লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, হাতকড়াসহ পালিয়ে গিয়ে পুলিশকে হয়রানি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুলিশের এই অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 





















