
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগে মামলা করেছে দলটি। মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার রাতে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ রায় মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মামলায় মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে।
মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে বুধবার কর্মসূচি ঘোষণা করে এনসিপি।
একই সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোও কর্মসূচি ঘোষণা করায় হবিগঞ্জ শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সম্ভাব্য সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।
এদিকে হামলার ঘটনায় মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাংলার খবর ডেস্ক : 
























