
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাবু পরীক্ষীত দাসের অবসর উপলক্ষে ব্যতিক্রমী ও সম্মানজনক বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ। একজন গ্রাম পুলিশকে এমন মর্যাদাপূর্ণ বিদায় জানানোয় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ জুলাই ২০২৬) বুল্লা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এডওয়ার্ড সাইমন সরকার।
জানা যায়, বাবু পরীক্ষীত দাস ১৯৯৮ সালের ১৮ ফেব্রুয়ারি বুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ২৮ বছরের কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষা, পরিষদের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবামূলক কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ বলেন, বাবু পরীক্ষীত দাস শুধু একজন গ্রাম পুলিশ ছিলেন না, তিনি ছিলেন ইউনিয়ন পরিষদ পরিবারের একজন দায়িত্বশীল সদস্য। দীর্ঘ কর্মজীবনে তিনি রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের সেবা করেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অবসর জীবনেও তিনি সুস্থ ও ভালো থাকুন—এটাই আমাদের প্রত্যাশা।
চেয়ারম্যানের এমন সম্মাননা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী গ্রাম পুলিশ বাবু পরীক্ষীত দাস। তিনি বলেন, একজন সাধারণ গ্রাম পুলিশ হিসেবে এমন সম্মান পাওয়ার কথা কখনও ভাবিনি। চেয়ারম্যানসহ পরিষদের সকল সদস্য আমাকে যে ভালোবাসা ও মর্যাদা দিয়েছেন, তা সারাজীবন স্মরণে রাখব।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, হিসাব সহকারী, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তারা চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপের এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদায়ী গ্রাম পুলিশ বাবু পরীক্ষীত দাসের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ উপহার তুলে দেওয়া হয়। পরে উপস্থিত সবাই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় জানান।
বাংলার খবর ডেস্ক : 

























