
ছুটি নিয়ে নানা আলোচনা ও নাটকীয়তার পর পবিত্র রমজান মাসের পুরো সময়জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে। আগে প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে।
এর আগে একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। তবে রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
এই রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল। রিটের আগে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের সচিবদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল।
পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ নিয়মিত লিভ টু আপিল পর্যন্ত স্থগিত করেন।
এদিকে রমজান ও ঈদ উপলক্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতেও ছুটি শুরু হয়েছে। দীর্ঘ ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।
বাংলার খবর ডেস্ক : 
























