
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে একটি ওয়াজ মাহফিলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এতে আহসান হাবীব নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট পৌরসভার পাকুরিয়া গ্রামের মসজিদের সামনে আয়োজিত ওয়াজ মাহফিলে এ হামলার ঘটনা ঘটে। পাকুরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আহসান হাবীব হামলায় গুরুতর আহত হন।
আহত অবস্থায় প্রথমে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে জরুরি ভিত্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসীর দাবি, হামলায় কিশোর গ্যাংয়ের একাধিক সদস্য জড়িত ছিল। তাদের মধ্যে হৃদয় মিয়া (২৩) ও সৌরভ মিয়া (১৯) নামের দুজনের নাম উঠে এসেছে। তারা পাকুরিয়া গ্রামের মিলন মিয়ার অনুসারী বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্র দিয়ে আহসান হাবীবের মাথায় আঘাত করা হয়, ফলে তিনি মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বাংলার খবর ডেস্ক : 

























