
রাঙ্গামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের থেমে থেমে প্রায় দুই ঘণ্টা গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর তিন থেকে চারজন সদস্য এবং পুলিশের দুজন সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটির পুলিশ সুপার আব্দুর রকিব।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য উজোবাজারে সড়ক অবরোধ তুলে নিতে অবরোধকারীদের অনুরোধ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অবরোধকারীরা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সেনাবাহিনীর তিন থেকে চারজন সদস্য এবং পুলিশের দুজন সদস্য আহত হন।
তিনি আরও জানান, পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে এ গুলিবিনিময় চলে।
আব্দুর রকিব বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উজোবাজারের পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া সাজেকে অবস্থানরত সব পর্যটক নিরাপদে এলাকা ছেড়েছেন।
ঘটনার তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।
বাংলার খবর ডেস্ক : 



















