
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রায় ৮০ ঘনফুট মেহগনি চেরাই কাঠসহ একটি ট্রাক আটক করেছে বন বিভাগ। আটক করা কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। কাঠ পরিবহনের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে বন বিভাগ।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুর রহমানের নির্দেশনায় বিভাগজুড়ে ফরেস্ট চেক স্টেশনগুলোতে অবৈধভাবে বনজ সম্পদ পরিবহন বন্ধে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ফরেস্ট চেক স্টেশনে অভিযান চালানো হয়।
শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেক স্টেশনের কর্মীদের সতর্ক করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে মেহগনি চেরাই কাঠ বোঝাই ট্রাকটি আটক করা হয়। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-১৮৪২।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাকটির ওপর ত্রিপল দিয়ে কাঠগুলো ঢেকে রাখা হয়েছিল। অভিযানকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় মহাসড়ক থেকে কাঠসহ ট্রাকটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়। পরে কাঠ ও ট্রাকটি জব্দ করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।
বন বিভাগের তথ্যমতে, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কাঠবাজারের মেসার্স শাহীন টিম্বার মার্টের মালিক মো. শাহীন মিয়ার কাছ থেকে কাঠগুলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিশাবাড়ি এলাকার মো. রাকিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সংরক্ষিত বন ও বনজ সম্পদ রক্ষায় ফরেস্ট চেক স্টেশনগুলোতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বনাঞ্চলের গাছ, কাঠ ও বাঁশ অবৈধভাবে আহরণ ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা কাঠের ঘটনায় বন আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলার খবর ডেস্ক : 

























