
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকৃতির প্রতি ভালোবাসা আর সবুজায়নের প্রত্যয় থেকে বছরের পর বছর বৃক্ষরোপণ করে এলাকার পরিবেশ বদলে দেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর জে.সি. হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মোস্তাক আহাম্মদ। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর দীর্ঘদিনের পরিবেশবান্ধব কর্মকাণ্ডের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা।
মোস্তাক আহাম্মদ শুধু একজন শিক্ষক নন, তিনি প্রকৃতি ও পরিবেশের একজন নিবেদিতপ্রাণ বৃক্ষপ্রেমী। ২০১৮ সাল থেকে নিজ উদ্যোগে মাধবপুর উপজেলার বিভিন্ন রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, শ্মশান ও পতিত জমিতে নিয়মিত বৃক্ষরোপণ করে আসছেন তিনি। এ পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার ফলজ গাছের চারা রোপণ করেছেন এই শিক্ষক।
তার লাগানো গাছের মধ্যে রয়েছে কাঁঠাল, আম, জাম, লিচু, বেল, জলপাই, কদবেল, পেয়ারা ও লটকনসহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ। শুরুতে জগদীশপুর জে.সি. হাইস্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তাঁর এই পথচলা শুরু হলেও সময়ের সঙ্গে এটি তাঁর ব্যক্তিগত ভালোবাসা ও দায়িত্ববোধে পরিণত হয়েছে।
বর্তমানে তিনি নিজেই গাছ লাগানো, পরিচর্যা করা এবং সেগুলোকে বড় করে তোলার কাজে নিয়মিত সময় ও শ্রম দিচ্ছেন। বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর লাগানো অনেক গাছে ইতোমধ্যে ফল ধরতে শুরু করেছে। বিশেষ করে কাঁঠাল, আম ও পেয়ারা গাছে ফল আসায় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
মোস্তাক আহাম্মদের উদ্যোগে জগদীশপুর তেমুনিয়া থেকে বড়দলিয়া, ইটখোলা রেলস্টেশন, পূর্ব চারাভাঙ্গা, সন্তোষপুর এলাকার বিভিন্ন সড়ক, জগদীশপুর-সন্তোষপুর-চারাভাঙ্গা সম্মিলিত কবরস্থান, জগদীশপুর-মির্জাপুর সড়ক, বেলঘরের প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে ব্যাপক বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়া বেলঘর-তেঘরিয়া ও তেমুনিয়া-উত্তর বেজুরা সড়কেও অসংখ্য গাছ লাগিয়েছেন তিনি।
পরিবেশের ভারসাম্য রক্ষায় রাস্তার পাশে ও রেললাইনের ধারে কয়েক হাজার তালবীজও রোপণ করেছেন মোস্তাক আহাম্মদ। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে সংগ্রহ করা খেজুরের বীজ বিভিন্ন স্থানে রোপণ করে চলেছেন তিনি।
স্থানীয়রা জানান, শিক্ষক মোস্তাক আহাম্মদ শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করেন না। প্রতিটি গাছের চারপাশে বেড়া দেওয়া, নিয়মিত পরিচর্যা করা এবং গাছগুলোকে টিকিয়ে রাখার জন্যও তিনি নিজে কাজ করেন। তাঁর এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
জগদীশপুর জে.সি. হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নূরুল্লাহ ভূঁইয়া বলেন, মোস্তাক আহাম্মদের বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাশাপাশি পুরো সমাজকে তিনি প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়ে যাচ্ছেন।
এদিকে জন্মদিনে শিক্ষক মোস্তাক আহাম্মদের প্রত্যাশা, শুধু নিজের উদ্যোগে নয়, সমাজের প্রতিটি মানুষ যেন অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেন। তাঁর বিশ্বাস, সম্মিলিত উদ্যোগেই একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।
জন্মদিনে বৃক্ষপ্রেমী শিক্ষক মোস্তাক আহাম্মদকে বাংলার খবরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর হাত ধরে মাধবপুরের পথ-প্রান্তর আরও সবুজ ও সমৃদ্ধ হয়ে উঠুক, এটাই প্রত্যাশা।
বাংলার খবর ডেস্ক : 













