
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে নতুন একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্স মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, সাংবাদিক এস এম জুবায়েরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
মসজিদ নির্মাণের উদ্যোগ সম্পর্কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি লক্ষ্য করেন, ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে আসা মানুষকে আজানের সময় নামাজ আদায়ের জন্য আশপাশের বাজারের মসজিদে যেতে হয়। পরিষদ চত্বরে কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের এই ভোগান্তি দূর করতেই ইউনিয়ন পরিষদের নিজস্ব বরাদ্দ থেকে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নতুন মসজিদটি নির্মিত হলে আজানের সময় ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষ ও স্থানীয় মুসল্লিরা সহজেই নামাজ আদায়ের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে কমপ্লেক্স মসজিদটি নির্মাণ করা হচ্ছে। মসজিদটির দৈর্ঘ্য ১২ ফুট এবং প্রস্থ ১৮ ফুট নির্ধারণ করা হয়েছে।
নির্মাণকাজ শেষ হলে বুল্লা ইউনিয়ন পরিষদ চত্বরে আগত সেবাগ্রহীতা ও স্থানীয় মুসল্লিদের দৈনন্দিন নামাজ আদায় আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলার খবর ডেস্ক : 
























