
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলার সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাজনীতি করলে ব্যানার খুলে রাজনীতি করুন, বিএনপি করুন।’
পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘পুলিশও হবেন, আবার দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না।’ নিরাপত্তার জন্য যারা হুমকি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এনসিপির নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করেন, ‘আপনি কোন আইনে আমাকে বাধা দিচ্ছেন?’
এর আগে মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। কর্মসূচিতে অংশ নিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।
তবে হবিগঞ্জে যাওয়ার পথে বিভিন্ন স্থানে পুলিশি বাধার মুখে পড়েন এনসিপির নেতাকর্মীরা। পরে বুধবার বিকেলে বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।
এ সময় এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হলেও এনসিপির নেতাকর্মীরা সড়কে অবস্থান অব্যাহত রাখেন। পুলিশি বাধা ও কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
এনসিপির পক্ষ থেকে পুলিশের বাধার বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দায়িত্ব পালন করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলার খবর ডেস্ক : 
























