
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন ধর্মঘর ইউনিয়নের কাজীরচক এলাকায় অভিযান পরিচালনা করে। সন্ধ্যার দিকে পরিচালিত এ অভিযানে জনৈক ধনু মিয়ার নির্মাণাধীন বাড়ির আশপাশে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে নির্মাণাধীন বাড়ির উত্তর-পূর্ব পাশে একটি খালি সেফটি ট্যাংকের নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৫টি পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলায় মোট ৭০ কেজি গাঁজা পাওয়া যায়।
তবে উদ্ধারকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। র্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত জিডি মূলে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 





















