
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলার মর্তুজ আলী ব্রিজ থেকে সাথাউক পর্যন্ত দীর্ঘদিনের বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করেছেন স্থানীয় টমটম চালক ও সমিতির সদস্যরা। জনদুর্ভোগ কমাতে ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে স্বেচ্ছাশ্রমে তারা সড়কের ঝুঁকিপূর্ণ অংশে মাটি, ইট ও বালু ফেলে চলাচলের উপযোগী করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটিতে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় পানি ও কাদায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এতে টমটম, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের অবহিত করেও স্থায়ী সমাধান না পাওয়ায় টমটম চালক ও সমিতির সদস্যরা নিজেরাই উদ্যোগ নেন। ২৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত তারা নিজেদের অর্থ ও শ্রমে সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলো সংস্কার করেন।
স্থানীয় টমটম সমিতির নেতৃবৃন্দ বলেন, সড়কের বেহাল অবস্থায় তাদের যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যাত্রীরাও দুর্ভোগে পড়ছেন। তাই কারও আশায় না থেকে নিজেদের উদ্যোগেই সাময়িকভাবে সড়কটি মেরামত করেছেন তারা।
চালক ও স্থানীয়দের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তবে সাময়িক মেরামতের পরিবর্তে সড়কটির স্থায়ী সংস্কারে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
বাংলার খবর ডেস্ক : 



















