
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
পরবর্তীতে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ঔষধ ও ফুচকা।
পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ২ কোটি ২০ হাজার টাকা। উদ্ধারকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 
























