
পারভেজ হাসান, লাখাই:
হবিগঞ্জের লাখাই উপজেলায় গাছ কাটতে গিয়ে মাথার ওপর ডালের আঘাতে ফয়জল মিয়া (৫৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপূর্ণি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়জল মিয়া ভরপূর্ণি গ্রামের মৃত মিয়াজত আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভাব-অনটনের সংসারে তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করতেন ফয়জল মিয়া। প্রতিদিনের মতো সকালে তিনি প্রতিবেশী একটি বাড়িতে গাছ কাটার কাজ করতে যান।
গাছ কাটার একপর্যায়ে একটি ভারী ডাল সরাসরি তার মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ফয়জল মিয়ার পরিবারে শোকের মাতম চলছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বাংলার খবর ডেস্ক : 























