
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ৪ নম্বর বামৈ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি, সমাজসেবক ও তরুণ ব্যবসায়ী নেতা মো. মাহমুদুল হক।
তিনি লাখাইয়ের বিশিষ্ট বিচারক মরহুম হাজী আব্দুল হক (দুলাই হাজী)-এর নাতি। পারিবারিক ঐতিহ্য, সততা ও ন্যায়পরায়ণতার আদর্শ ধারণ করে জনসেবা ও সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মাহমুদুল হক কালাউক বাজার ব্যবসায়ী ও মালিক কল্যাণ সমিতির নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমানে ব্যবসায়ীদের স্বার্থ ও কল্যাণে কাজ করছেন।
নিজের প্রার্থিতা ও পারিবারিক আদর্শের বিষয়ে মাহমুদুল হক বলেন, তাঁর দাদা মরহুম দুলাই হাজী সারা জীবন মানুষের ন্যায়বিচার ও সেবায় নিয়োজিত ছিলেন। দাদার সেই আদর্শ ধারণ করেই তিনি বামৈ ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে চান। পারিবারিক সুনাম ও শিক্ষার মর্যাদা রক্ষা করে ঐতিহ্যবাহী ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই তাঁর প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, বামৈ ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধিদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করতে চান।
সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে মাহমুদুল হক ইউনিয়নের মুরব্বি, যুবসমাজ ও সাধারণ মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
বাংলার খবর ডেস্ক : 



















