
জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ, পারিবারিক কবরস্থানে দাফন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ধর্মঘর স’মিলসংলগ্ন মেহেরগাঁও মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজনগর সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার আগে রাষ্ট্রের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইকতিয়ার মিয়াসহ জেলা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম কামাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজা ও দাফনকে কেন্দ্র করে স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে অসুস্থতাজনিত কারণে ঢাকার সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি নিজনগর সরদার বাড়ির মরহুম আব্দুল মালেকের ছেলে এবং মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক হাজী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (দুলা মিয়া)-এর ছোট ভাই।
মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী নুরুল আমীন আমৃত্যু ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যাসন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে ধর্মঘর ইউনিয়নসহ পুরো মাধবপুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, সাহসিকতা ও দেশপ্রেম এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বাংলার খবর ডেস্ক : 



















