
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার প্রাণপ্রবাহ সুতাং নদী শিল্পবর্জ্যের দূষণে মারাত্মক অস্তিত্ব সংকটে পড়েছে। একসময়ের প্রমত্ত এই নদীর পানি এখন কালো ও দুর্গন্ধযুক্ত। স্থানীয়দের অভিযোগ, অলিপুরে গড়ে ওঠা প্রাণ-আরএফএল, স্কয়ারসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অপরিশোধিত বর্জ্য শৈলজুড়া খাল হয়ে সরাসরি সুতাং নদীতে পড়ছে। এতে নদীর পানি ও পরিবেশ দূষিত হয়ে পড়েছে।
পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান সুমন শামসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সুতাং নদী দেশের সবচেয়ে দূষিত নদীগুলোর তালিকায় শীর্ষে রয়েছে। তাঁর দাবি, দূষণের মাত্রায় সুতাং নদী ঢাকার বুড়িগঙ্গাসহ শহরকেন্দ্রিক অনেক নদীকেও ছাড়িয়ে গেছে।
নদীর তীরবর্তী বাসিন্দারা বলছেন, নদীর কালো পানি ও দুর্গন্ধই দূষণের ভয়াবহতা প্রকাশ করছে। এর পাশাপাশি নদীর পানিতে মাইক্রোপ্লাস্টিক ও বিভিন্ন ভারী ধাতুর উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের কয়েকজন চিকিৎসক।
স্থানীয়দের আশঙ্কা, দূষিত পানি দিয়ে কৃষিজমিতে সেচ দেওয়ার ফলে ধান ও শাকসবজির মাধ্যমে ক্ষতিকর রাসায়নিক খাদ্যশৃঙ্খলে প্রবেশ করছে। একই সঙ্গে নদীর দূষিত পানি চুইয়ে ভূগর্ভস্থ পানির স্তরও দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে।
চিকিৎসকদের মতে, দূষিত পানি ও পরিবেশের দীর্ঘমেয়াদি প্রভাবে লিভার সিরোসিস, কিডনি বিকল, চর্মরোগ, শ্বাসকষ্ট ও ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি তৈরি হতে পারে।
নদীতীরবর্তী বাসিন্দারা জানান, বিভিন্ন সময়ে সরকারি মন্ত্রী ও সংসদ সদস্যরা নদী পরিদর্শন করে দূষণ বন্ধের আশ্বাস দিলেও দৃশ্যমান পরিবর্তন হয়নি। দূষণের কারণে নদীতে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব কমে গেছে বলে দাবি স্থানীয় জেলেদের। এতে জীবিকা হারিয়ে অনেক জেলে মানবেতর জীবনযাপন করছেন।
এক প্রবীণ বাসিন্দা আক্ষেপ করে বলেন, “কত মানুষ আসলো গেল, কেউই নদী রক্ষা করলো না; হে আল্লাহ, তুমিই এই নদীকে রক্ষা করো।”
স্থানীয় পরিবেশবাদীরা বলছেন, কারখানাগুলোতে কার্যকর বর্জ্য পরিশোধন ব্যবস্থা (ইটিপি) নিশ্চিত না করা হলে এবং নদীতে শিল্পবর্জ্য ফেলা বন্ধ না হলে লাখাইবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
তাঁদের মতে, লাখ লাখ টাকা ব্যয়ে সুতাং নদী খনন করলেও শিল্পবর্জ্যের দূষণ বন্ধ না হলে সেই খননের সুফল পাওয়া যাবে না। নদী রক্ষায় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রভাব ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
নদী রক্ষায় তিন দফা দাবি
সুতাং নদী ও নদীতীরবর্তী মানুষের পরিবেশ ও জীবিকা রক্ষায় কয়েকটি পদক্ষেপ জরুরি বলে মনে করছেন স্থানীয় পরিবেশবাদীরা। তাঁদের দাবিগুলো হলো—
১. অলিপুরের প্রতিটি কারখানায় শতভাগ কার্যকর ইটিপি চালু এবং পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কঠোর নজরদারি নিশ্চিত করা।
২. শৈলজুড়া খালের মাধ্যমে সুতাং নদীতে শিল্পবর্জ্য ফেলা স্থায়ীভাবে বন্ধ করা।
৩. নদী দূষণের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা।
বাংলার খবর ডেস্ক : 



















