
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনি মাঠে রাজনীতিকদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখদের সরব উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। শোবিজ অঙ্গনের অনেক তারকাই নিজ নিজ পছন্দের দল ও প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন।
তবে এবারের নির্বাচনে ঢাকাই চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের কয়েকজন জনপ্রিয় তারকা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। জানা গেছে, ঢাকা-১৭ আসনের ভোটার চিত্রনায়ক শাকিব খান বর্তমানে সিনেমার শুটিংয়ের কাজে দেশের বাইরে অবস্থান করছেন। ফলে তিনি এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন না।
একই আসনের ভোটার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও বর্তমানে বিদেশে অবস্থান করছেন। নির্বাচনের সময় দেশে ফিরতে না পারায় তার ভোট দেওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভোট দিতে না পারা তারকাদের তালিকায় আরও রয়েছেন চিত্রনায়ক আরেফিন শুভ। ঢাকা-১১ আসনের ভোটার হলেও নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে তিনিও ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।
এদিকে, চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত বাড্ডা এলাকার ভোটার।
চিত্রনায়ক সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের ভোটার এবং রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করছেন। অভিনেতা মিশা সওদাগরের ভোটার এলাকা ঢাকা-১৮ আসন। অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।
বাংলার খবর ডেস্ক : 
























