
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের দায়িত্ব থানা ও উপজেলা পর্যায়ের নেতাদের ওপর ন্যস্ত করেছে বিএনপি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর জেলা ও মহানগরের নেতারা অংশ নেন। এর আগে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার তৃণমূল নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলার নেতাদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে জনপ্রিয়তাকে প্রধান বিবেচনায় রাখতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। প্রথমে থানা ও উপজেলা পর্যায়ের নেতারা প্রার্থী বাছাই করবেন। কোনো জটিলতা দেখা দিলে তা জেলা নেতারা সমাধানের চেষ্টা করবেন। প্রয়োজনে বিভাগীয় নেতৃত্ব এবং সর্বশেষ কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী চূড়ান্ত করবে।
বিএনপির একাধিক নেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের পরিকল্পনা নেই। তবে স্থানীয় পর্যায়ে নেতারা যদি ঐকমত্যের ভিত্তিতে একজন প্রার্থী নির্ধারণ করতে পারেন, তাহলে দলগতভাবে সেই প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।
বৈঠকে তারেক রহমান অতীতের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কারণে বিভিন্ন এলাকায় বিভক্তি সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতি এড়াতে স্থানীয় নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত যেন সর্বসম্মতিক্রমে নেওয়া হয় এবং সবাই একক প্রার্থীর পক্ষে কাজ করেন, সে বিষয়ে নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, ঝুলে থাকা কমিটি দ্রুত সম্পন্ন করা এবং বিতর্কিত বা অন্য দলের অনুপ্রবেশকারীদের দলে স্থান না দেওয়ার নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি তরুণ, সক্রিয় ও ত্যাগী নেতাদের নেতৃত্বে নিয়ে আসার ওপরও গুরুত্বারোপ করেন।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হাসান সাদিক বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সব ধরনের কোন্দল ও বিভেদ দূর করার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ। এসব বৈঠকে তারেক রহমান মাঠপর্যায়ের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
এদিকে রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 


























