
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ২৮টি চা বাগানের শ্রমিকদের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর উপজেলার ১০ নম্বর চা বাগান মাঠে আয়োজিত এ সমাবেশকে চা শ্রমিকদের অন্যতম বড় রাজনৈতিক জমায়েত হিসেবে দেখছেন স্থানীয়রা।
সমাবেশে চুনারুঘাট উপজেলার ২৩টি এবং মাধবপুর উপজেলার ৫টি চা বাগান থেকে কয়েক হাজার নারী–পুরুষ চা শ্রমিক অংশ নেন। ব্যানার, ফেস্টুন, ঢাকঢোল ও বাদ্যযন্ত্রসহ মিছিল নিয়ে তারা সভাস্থলে উপস্থিত হন। মাঠজুড়ে ধানের শীষ প্রতীক সংবলিত পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানারে ছেয়ে যায় পুরো এলাকা। শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। বিশেষ অতিথি ছিলেন চা শ্রমিকদের পরিচিত নেতা সৈয়দ শাফকাত আহমেদ। এ ছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও চা বাগান কমিটির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
২৮টি চা বাগানের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এর আগে এত বড় পরিসরে চা বাগানভিত্তিক কোনো রাজনৈতিক সমাবেশ হয়নি। তারা জানান, ২৮টি বাগানের প্রায় ৭৫ হাজার ভোটার এবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছেন। নিজেদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে দলমত নির্বিশেষে চা শ্রমিকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে জানান তারা।
চা শ্রমিক নেতা অবিরত বাক্তি বলেন, চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা সংকটে ভুগছে। ব্যালটের মাধ্যমেই তারা নিজেদের অবস্থান প্রমাণ করতে চান বলে তিনি জানান।
শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা এখনও বহু মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে ধানের শীষের প্রার্থী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন, চা শ্রমিকদের প্রধান সমস্যা নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা। নির্বাচিত হলে এসব খাতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করা হবে এবং চা বাগান এলাকায় উন্নত চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, তিনি আজীবন চা শ্রমিকদের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন। চা শ্রমিকদের দারিদ্র্য থেকে মুক্ত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চা বাগানভিত্তিক ভোটারদের এই ঐক্যবদ্ধ অবস্থান হবিগঞ্জ–৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বাংলার খবর ডেস্ক : 






















