
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সৈয়দ মো. ফয়সলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফখাত আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বনির্ভর করার যে রাজনীতি ও আদর্শ রেখে গেছেন, তা বাস্তবায়নই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, গণতন্ত্রের মাতা ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মর্যাদা বিশ্ব দরবারে সমুন্নত রাখতে আজীবন সংগ্রাম করে গেছেন।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এই ৩১ দফার মধ্যেই রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা।
হবিগঞ্জ-৪ আসনের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করার জন্য তিনি আকুল আবেদন জানান। জনগণের সমর্থন পেলে এই আসনের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন বলেও আশ্বাস দেন।
বিএনপি সরকার গঠন করতে পারলে ৩১ দফার আলোকে মাধবপুর ও চুনারুঘাটকে একটি সমৃদ্ধ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ২৩টি চা-বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলার খবর ডেস্ক : 











