
বাংলার খবর ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা জোরদার এবং বিশেষ প্রটোকলের ব্যবস্থা করা হয়েছে। দেশটিতে অবস্থানকালে তাঁর জন্য এ নিরাপত্তা ও প্রটোকল বহাল থাকবে।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে একদল ব্যক্তি হেনস্তা করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা ও নিন্দা জানানো হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক ও ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন এবং কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে, বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানায়। প্রতিবেদনে ঘটনাটিতে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের একমাত্র ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূসের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের বাইরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে বিষয়ে সতর্কতা অবলম্বনের কথাও জানানো হয়েছে।
বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলার খবর ডেস্ক : 



















