
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর ভারতীয় চোরাকারবারিদের ছোড়া ছররা গুলিতে সোহাগ মিয়া (১৭) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। রোববার দুপুরে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি শূন্যরেখা অতিক্রম করে প্রায় এক কিলোমিটার ভারতের ভেতরে প্রবেশ করেন। বিজিবির দাবি, গরু আনার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন।
একপর্যায়ে ভারতের অভ্যন্তরে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে বাংলাদেশিদের বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ভারতীয় চোরাকারবারিরা ছররা গুলি ছুড়লে সোহাগ মিয়া গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসে চুনারুঘাট সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার শফিক মিয়ার ছেলে। বিজিবির দাবি, নিহতের পরিবারের কয়েকজন সদস্য চোরাচালানের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে।
ঘটনার খবর পেয়ে চিমটিবিল বিওপির টহলদল ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কে জানানো হয়। বিএসএফ বিজিবিকে জানিয়েছে, তাদের এলাকায় সংঘটিত গোলাগুলির ঘটনা তারা তদন্ত করছে।
এ ঘটনায় চিমটিবিল বিওপি পর্যায়ে জরুরি পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
বিজিবি বিকেল ৫টা ৪০ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
বাংলার খবর ডেস্ক : 
























