
বাংলার খবর ডেস্ক
দেশের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি এসব অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিতে অত্যাধুনিক প্রযুক্তি ও ড্রোন সংযোজনের উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধের পাশাপাশি সীমান্তে পুশ ইন এবং সীমান্ত হত্যা বন্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। দেশের সীমান্ত নিরাপদ রাখতে বিজিবির সদস্যদের সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিজিবি মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎকালে সীমান্ত ব্যবস্থাপনা, নজরদারি বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ বাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বাংলার খবর ডেস্ক : 

























