
বাংলার খবর ডেস্ক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার (২৬ আগস্ট) দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। দিনটি সরকারি সাধারণ ছুটি হওয়ায় সরকারি অফিস, ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ছুটি সরকারি ও আধা-সরকারি অফিসের পাশাপাশি সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও প্রযোজ্য।
গত ১৩ আগস্ট জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়। সেই হিসাব অনুযায়ী ১২ রবিউল আউয়াল পড়েছে ২৬ আগস্ট। ফলে ওই দিন সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটির কথা উল্লেখ রয়েছে। একইভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশোধিত ছুটির তালিকায়ও ২৬ আগস্ট ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাউশির আওতাধীন সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন পাঠদান বন্ধ থাকবে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। ফলে এদিন সাধারণ ব্যাংকিং লেনদেন কার্যক্রম পরিচালিত হবে না। তবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং কার্ডভিত্তিক বিভিন্ন ডিজিটাল সেবা সাধারণভাবে চালু থাকার কথা রয়েছে।
ঈদে মিলাদুন্নবী ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মস্মরণে পালিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয়। তবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মতারিখ নিয়ে ইসলামি ঐতিহাসিকদের মধ্যে ভিন্নমত রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 

























