
স্পোর্টস ডেস্ক:
লিটন দাস চোটে পড়ায় সবশেষ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী অনিক। ডানহাতি ব্যাটার সেরে উঠতে না পারায় লিটনের পরিবর্তে আফগানিস্তান সিরিজেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। অথচ মাস তিনেক পর উইকেটকিপার ব্যাটার জাকের জায়গা পেলেন না বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। লিটন দাসকে অধিনায়ক এবং সাইফ হাসানকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি জাকের। ২০২৫ সালে ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে ১২৩.৯৩ স্ট্রাইক রেট ও ২২.২৩ গড়ে তিনি করেন ৩৭৮ রান। পুরো বছরে মাত্র একটি হাফ সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। ধারাবাহিক রান না পাওয়ায় গত কয়েক মাস ধরে সমালোচনার মুখে পড়েন তিনি। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি এই ডানহাতি ব্যাটার।
লোয়ার অর্ডারে নিজের জায়গা ধরে রেখেছেন নুরুল হাসান সোহান। গত বছর ৯ ম্যাচে ১২৩.৭৬ স্ট্রাইক রেট ও ৩১.২৫ গড়ে করেন ১২৫ রান। যদিও তার কোনো হাফ সেঞ্চুরি ছিল না। বিপিএলে ভালো পারফরম্যান্স করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে না থাকলেও শেষ ম্যাচে তাকে ফেরানো হয়।
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন শামীম। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে থাকছেন সাইফ হাসান। তিন নম্বরে লিটন দাস এবং চারে দেখা যাবে পারভেজ হোসেন ইমনকে। মিডল অর্ডারে আছেন তাওহীদ হৃদয়।
স্পিন বিভাগে দলের নেতৃত্ব দেবেন শেখ মেহেদী। তার সঙ্গে থাকছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। প্রয়োজনে হাত ঘুরাতে পারবেন সাইফ ও শামীমও। পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে রয়েছেন তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ছয় ক্রিকেটার নেই এবারের দলে। বিপিএলে ভালো ছন্দে থাকলেও সুযোগ পাননি নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া জাকের আলী, সাকিব আল হাসান, সৌম্য সরকার ও তানভির ইসলামও নেই এবারের স্কোয়াডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপের অন্য দলগুলো হলো ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৯ ও ১৪ ফেব্রুয়ারি একই মাঠে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে লিটনরা। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড— লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
বাংলার খবর ডেস্ক : 



















