
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি)-এর অভিযানে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ও ভুলবশত খোয়া যাওয়া ৮ লাখ ৬১ হাজার টাকা এবং বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা টাকা ও মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদ উদ্ধার করা টাকা ও মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় সাইবার প্রতারণা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের হারানো অর্থ ও মালামাল উদ্ধারে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।
অভিযানে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার চার ব্যক্তির মোট ৮ লাখ ৬১ হাজার টাকা এবং বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে মঙ্গলবার হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা টাকা ও মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া অর্থ ও মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা পুলিশ জানিয়েছে, সাইবার প্রতারণা প্রতিরোধের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রতারণার শিকার ব্যক্তিদের অর্থ উদ্ধার এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাইবার ক্রাইম মনিটরিং সেলের কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 

























