
মোঃ আইয়ুব খান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও অনুদানের অর্থ বিতরণের পাশাপাশি অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে। এ লক্ষ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। সেলাই মেশিনের মাধ্যমে অসহায় ও দুস্থ নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং পরিবারের আর্থিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান ও সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও অনুদানের অর্থ বিতরণ করা হয়। একই সঙ্গে অসহায় ও দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
বাংলার খবর ডেস্ক : 






















